চট্টগ্রামে ছাত্রলীগ কমিটিতে পদ না পাওয়ারা ভাংচুরে
ক্ষোভ থেকে সড়কে গাড়ি ভাংচুর চালিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়া নেতা ও তাদের সমর্থকরা।
নতুন কমিটি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বুধবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড় ও ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় বিক্ষোভ মিছিল এবং পরে গাড়ি ভাংচুর করে তারা।
ঘটনাস্থলের অদূরেই ছাত্রলীগ নিয়ন্ত্রিত ওমরগণি এমইএস কলেজ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কলেজ থেকেই একদল ছাত্রলীগ নেতা-কর্মী মোটর সাইকেল নিয়ে এসে এই ভাংচুর চালায়।
বিক্ষুব্ধরা এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারী বলে কয়েকজন ছাত্রলীগ নেতা জানান।
চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা ওই এলাকায় মিছিল করেছে।”
তবে পুলিশ উপস্থিত থাকাকালীন কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি দাবি করেন তিনি। “পুলিশ যাওয়ার আগে ভাংচুর হয়ে থাকতে পারে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
ওই ঘটনার আধা ঘণ্টা রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগের কর্মীরা জামালখান এলাকায় মিছিল করে দুটি গাড়ি ভাংচুর করে।
এই সব ভাংচুরের বিষয়ে নগর ছাত্রলীগের নতুন সভাপতি ইমরান উদ্দিন হিমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমার জানা নেই।”
বিকালে কেন্দ্রীয় কমিটি থেকে চট্টগ্রাম নগর ছাত্রলীগের ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি ইমরান উদ্দিন হিমু নগরীর সিটি কলেজ ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি এমইএস কলেজেরে নেতা।
এমইএস কলেজে ছাত্রলীগের রাজনীতি কয়েকটি পক্ষে বিভক্ত। এছাড়া আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগের কেউ মূলপদে স্থান পাননি।
