হরিণাকুন্ডুর সহিংসতা চলছেই
বিএনপি নেতা হত্যার পর ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ধর্মীয় সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানসহ ঘরবাড়িতে সহিংসতা অব্যাহত রয়েছে।
১৪৪ ধারা জারি থাকার পরেও মঙ্গলবার সকালে পারদখলপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল ইসলামের বাড়িসহ ৩টি বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।
হরিণাকুন্ডু থানার ওসি মহিবুল হাসান জানান, সকালে আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, তার ভাই হোসেন আলি ও রবিউল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে একদল লোক।
পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার রাতে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজগর আলি মাস্টারের মহারাজপুর গ্রামের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।
ওইদিন দুপুরে হরিণাকুন্ডু উপজেলা বিএনপি নেতা দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন নিহত হওয়ার পর স্থানীয় বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
উদ্ভূত পরিস্থিতিতে হরিণাকুন্ডু পৌর শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
