২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার রূপরেখার সরকারের অধীনে নির্বাচন হবে: মহিউদ্দিন চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া রূপরেখা অনুযায়ী সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 11:18 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

মঙ্গলবার দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় হরতালবিরোধী সমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, “শেখ হাসিনা যে সর্বদলীয় সরকারের রূপরেখা দিয়েছেন তার অধীনেই নির্বাচন হবে। যে আসে আসুক। নির্বাচনে জনগণ যাকে চায় সেই আগামীতে সরকার গঠন করবে।

“অবাধ সুষ্ঠু নির্বাচনের এ সরকারের মাধ্যমেই করা সম্ভব। অতীত ইতিহাস তাই প্রমাণ করে।”

সাবেক মেয়র বলেন, অনির্বাচিত কোনো সরকারের অধীনে নির্বাচন হবে না। জনগণ সেটা মানবে না। যারা নৈরাজ্য সৃষ্টি করছে জনগণ তাদের প্রতিহত করবে।

নুর মোহাম্মদ নুরুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অইয়ুব খান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইছা।

এর আগে নগরীর মুরাদপুর মোড়সহ বিভিন্ন স্থানে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে হরতালবিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে মঙ্গলবার বিকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে হরতালবিরোধী সমাবেশ করে নগর শ্রমিকলীগ।