হরতালে নিহতকে নিয়ে দুই দলের ‘টানাটানি’
চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় দিনের হরতাল চলাকালে নিহত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করছে আওয়ামী লীগ ও বিএনপি।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার আরকান সড়কের ফুলতলা এলাকায় হরতাল ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের শর্ট গানের গুলিতে তিন জন আহত হন।
সংঘর্ষের ঘণ্টা তিনেক পর কাছের একটি খাল থেকে মোহাম্মদ ইসমাইল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
বোয়ালখালী থানার ওসি জহিরুল হক সবুজ জানান, নিহতের ঠোঁট ও বাঁ চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ধাওয়া পাল্টাধাওয়ার সময় পানিতে উল্টোভাবে পড়ায় সে মারা যেতে পারে বলে তার ধারণা।
নিহত ইসমাইল বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীর চর খিজিরপুর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি নগরীর টিকে গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
এদিকে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম দাবি করেছেন, ইসমাইল তাদের দলের কর্মী। বিএনপি তাকে পিটিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সে চরখিজিরপুর শাখা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক।”
অপরদিকে উপজেলা বিএনপি’র সভাপতি আজিজুল হক ইসমাইলকে যুবদলকর্মী দাবি করে বলছেন, সরকারদলীয় কর্মীরাই তাকে মেরে খালে ফেলে দেয়।
তিনি বলেন, “আমাদের সমাবেশস্থলের কাছেই তাকে পিটিয়ে খালে ফেলে দেয়া হয়। সে যুবদলের কর্মী এবং তার পুরো পরিবারই বিএনপির রাজনীতির সমর্থক।”
এ বিষয়ে ওসি জহিরুল হক সবুজ বলেন, তার পরিচয় পুরোপুরি জানার চেষ্টা চলছে। সে কোন দলের তা সুনির্দিষ্ট করে এখনো জানা যায়নি।
