৬০ ঘণ্টা পর কার্যালয় থেকে বের হলেন ফখরুল
তিন দিনের হরতালের পুরোটা সময় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অবস্থান করে মঙ্গলবার সন্ধ্যার পর বেরিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকাল ৬টায় হরতাল শুরুর ২০ মিনিট আগে দলীয় কার্যালয়ে ঢুকেছিলেন ফখরুল। পুলিশি বেষ্টনির মধ্যে ওই কার্যালয়ে সকাল ও বিকালে হরতালের পরিস্থিতি জানিয়ে সংবাদ সম্মেলনও করে আসছিলেন তিনি।
মঙ্গলবার বিকালে সর্বশেষ সংবাদ সম্মেলনের পর সন্ধ্যা ৬টায় কার্যালয় থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে সঙ্গে নিয়ে প্রথমে শান্তিনগরে তার বাড়িতে যান ফখরুল। এরপর তিনি যান শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাড়িতে।
এই দুটি বাড়িতে সোমবার রাতে আওয়ামী লীগের কর্মীরা বোমা হামলা ও গুলি চালায় বলে বিএনপির অভিযোগ।
দুই নেতার বাড়ি ঘুরে রাত সাড়ে ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান ফখরুল। সেখানে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে।
ফখরুল হরতালের সময়ে ভবনের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন। দুই রাত সেখানেই রাত যাপন এবং খাওয়া-দাওয়া সারেন তিনি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিনও ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে কার্যালয়ে ছিলেন।
নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে তিন দিনের হরতাল ডাকে বিরোধী দল।
তার আগে ঈদের পরদিন থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাহারা বসায় পুলিশ। তখন কার্যালয়ের প্রধান ফটকের কলাপসিবল গেইট ভেতর থেকে বিএনপি কার্যালয়ের কর্মীরা তালা দিয়ে রাখে।
