‘চাইলে যেকোনো দিন আসতে পারেন খালেদা’
হরতাল প্রত্যাহার করে আলোচনার জন্য নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও বিরোধীদলীয় নেতাকে দেয়া প্রাধানমন্ত্রীর দাওয়াত এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
তিনি বলেছেন, বিরোধী দলীয় নেত্রী যেদিন ইচ্ছা সেদিনই আসতে পারেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মঙ্গলবার সকালে সাংবাদিকদের হানিফ বলেন, “প্রধানমন্ত্রী তাকে (খালেদা জিয়া) ফোন করে দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন ২৯ তারিখ ৬টার আগে তিনি আসতে পারবেন না। খালেদা জিয়া চাইলেই দাওয়াত গ্রহণ করতে পারেন।
“তিনি চাইলে আজও আসতে পারেন, আবার কালও আসতে পারেন।”
সংলাপের উদ্যোগ নেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে হানিফ বলেন, “আমরাতো আপনাদের দাওয়াত দিয়েছি এবং আমাদের দাওয়াত এখনো অব্যাহত আছে। সুতরাং আলোচনার জন্য বিরোধী দলীয় নেত্রী যেদিন ইচ্ছা সেদিনই আসতে পারেন।”
দুই নেত্রীর মধ্যে টেলিফোন আলাপের পর এখন সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মুখপাত্র ফখরুল।
নির্দিষ্ট সময়ের মধ্য বিএনপি আলোচনায় না এলে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদ থেকে সদ্য বরখাস্ত হওয়া মাহবুল-উল আলম হানিফ।
এদিকে বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভাশেষে প্রেস ব্রিফিংয় থেকে প্রধানমন্ত্রীর দাওয়াত গ্রহণের মাধ্যমে সংলাপে অংশ নিয়ে বিরোধীদলীয় নেত্রীকে দেশের রাজনৈতিক উৎকণ্ঠা দূর করার আহ্বান জানায় আওয়ামী লীগ ।
এ সময় হানিফ বলেন, “প্রধানমন্ত্রীর দাওয়াত অব্যাহত রয়েছে। আশা করছি খালেদা জিয়া দাওয়াত গ্রহণ করে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে আলেচনা করে সবার মধ্য থেকে উৎকন্ঠা দূর করবেন।”
যৌথ সভায় উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “সংলাপের জন্য আমারা সব সময় প্রস্তুত। দাওয়াত এখনো বজায় আছে। রেসপন্স করার দায়িত্ব খালেদা জিয়ার।”
পাশাপাশি যেকোনো ধরনের অপশক্তি মোকাবেলায় রাজপথ, পাড়া মহল্লা, অলি-গলিতে দলের নেতাকর্মীরা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নাসিম বলেন, “এর সঙ্গে সংলাপের কোন সম্পর্ক নেই।”
সংবাদ সম্মেলনে মাহবুবু-উল আলম হানিফ জানান, জেলহত্যা দিবস উপলক্ষে তিন নভেম্বর ভোরে বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা, দলের পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, “খালেদা জিয়া ফোন ব্যাক না করায় আবার ফোন করেন প্রধানমন্ত্রী। এখানে বিএনপিকে ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, হুমকি দিয়ে এদের কাছ থেকে কোন কিছু আদায় করা যাবে না।”
তিনি অভিযোগ করেন, কেউ ফোন রিসিভ না করতে পারলে সভ্য সমাজের শালীনতা অনুযায়ী ফোন ব্যাক করা শোভন। কিন্তু খালেদা সেই শালীনতাটুকু দেখাননি।
যৌথ সভায় সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের এমপিরা ।
