২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসআইয়ের ফর্মুলায় আন্দোলন করছে বিরোধী দল: কামরুল

নির্বাচনের সময়ে সরকারের ধরন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান বিরোধের সমঝোতা হোক তা বিরোধী দল চায় না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

একইসঙ্গে দেশকে ধ্বংস করার জন্যই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহযোগিতা নিয়ে তাদের ফর্মুলায় বিরোধী দল আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি।

১৮ দলীয় জোটের তিনদিনের হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সেগুনবাগিচায় ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে এসব কথা বলেন আইন প্রতিমন্ত্রী।

কামরুল বলেন, “তাদের (বিরোধী দলের) কর্মকাণ্ড দেখলে বোঝা যায়, তারা সংলাপে রাজি নন। সংলাপের মাধ্যমে কোনো মীমাংসা হোক এটা তারা চায় না।”

হরতাল তুলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া না দিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করেন তিনি।

“এখনো মীমাংসা হতে পারে। প্রধানমন্ত্রী যে প্রস্তাবনা দিয়েছেন সেই আলোকে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে।”

কিন্তু বিরোধী দলের সদিচ্ছার সঙ্গে সেই আহ্বানে সাড়া না দিলে সংলাপে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।

গত শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য হরতাল প্রত্যাহার করে সোমবার গণভবনে তাকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

তবে খালেদা জিয়া বলেন, তাদের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শেষে যে কোনো সময় আলোচনায় যেতে প্রস্তুত তিনি।

হরতালের প্রথম দুই দিনে সারা দেশে সহিংসতায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী বলেন, “বিরোধী দল আইএসআইয়ের টাকায় এবং ‘ফর্মুলা’য় দেশকে ধ্বংস করার জন্য আন্দোলন করছে।

“গত তিনদিনের হরতালে যে পরিমাণ নাশকতা ও হত্যাযজ্ঞ হয়েছে- এটি তাই প্রমাণ করে।”

আগামী নির্বাচন সাংবিধানিক পন্থায় হবে বলে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক না নির্দলীয় এটা বিষয় নয়, বিষয় হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন।

“আর প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুতরাং, আপনারা (বিরোধী দল) আসেন বা না আসেন নির্বাচন হবেই।”

আওয়ামী লীগ কোনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না বলেও জানান তিনি।

সমাবেশে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেয়ার পর সমাবেশের পরে একটি হরতাল বিরোধী মিছিল সেগুনবাগিচা, বিজয়নগর, পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

আলোচনার আহ্বান অব্যাহত আছে

এদিকে অপর এক সমাবেশে নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের আহ্বান এখনো অব্যাহত আছে বলে জানান পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

মন্ত্রী বলেছেন, “সংবিধানের আমাদের আলোচনা আহ্বান অব্যাহত আছে। হরতাল সহিংসতা বাদ দিয়ে আলোচনায় আসুন। তবে আলোচনার বিধান হচ্ছে সংবিধান। ভেতর থেকেই আলোচনা করতে হবে।”

মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্টের কাছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন হাছান।

“রাজনীতির মরণ খেলায় মেতে উঠেছেন খালেদা জিয়া। সরকারি দলের নেতৃবৃন্দ ও বিচারপতির বাসভবন, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন অফিসে বোমা নিক্ষেপ করা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তিনি হরতাল নয়, ‘ভয়তাল’ ডেকেছেন।”

সমাবেশে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার।