সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১৪৪ ধারা জারি
সাতক্ষীরার কলারোয়ায় হরতালের সময় বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বাসায় পাল্টাপাল্টি হামলার পর ওই উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার বিকালে শহরে হরতাল সমর্থনে ১৮ দলীয় জোটের মিছিল থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমানের মাকের্টে ভাংচুর করা হয়।
এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাসায় হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া সোমবার ৬০ ঘণ্টার হরতারের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন স্থানে ৩/৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
কলারোয়া থানার ওসি শাহ-দারা খান পাল্টাপাল্টি হামলার ঘটনা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা এড়াতে পৌর সদরে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এছাড়া সোমবার বিকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে দুপুরে জেলার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার বাড়িতে ১৮ দলীয় জোটের কর্মীরা হামলা চালিয়েছে।
হামলাকারীরা উপজেলা চেয়াম্যানের সরকারি গাড়িটিও ভাংচুর করেছে জানান দেবহাটা থানার ওসি কেরামত আলী।
