২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটখিলে ছাত্র ও যুবদলের দুজন গুলিবিদ্ধ

হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে নোয়াখালীর চাটখিলে যুবদল ও ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 10:14 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রোববার উপজেলার বিভিন্ন স্থানে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ হয়।

চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিল জানিয়েছেন, সকাল ১১টার দিকে চাটখিল ও  সোনাইমুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা আবিরপাড়ায় ছাত্র ও যুবদলকর্মীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।

এ সময় চাটখিল থানা পুলিশের একটি টহল গাড়ি তাদেরকে ধাওয়া করলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশের ছোড়া গুলিতে ছাত্রদলের পিয়াস (১৮) ও যুবদলের মানিক (৪০)  আহত হন, বলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের বিভিন্ন সড়কে সকাল থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে ১৮ দলীয় নেতাকর্মীরা।

টায়ারে আগুন দিয়ে, গাছের গুঁড়ি ও ইটের টুকরা ফেলে মাইজদী-সোনাপুর সড়ক ও চৌমুহনী-ফেনী সড়কের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে পিকেটাররা।

সকাল সাতটার দিকে মাইজদী বাজারে পুলিশের একটি গাড়ি ভাংচুর করে তারা। একই সময়ে দত্তেরহাট এলাকায় ছয়টি ককটেল বিস্ফোরিত হয়।