২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মুখে জামায়াতি ভাষা: সুরঞ্জিত

নির্বাচন পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যে আলোচনার জন্য শনিবার সন্ধ্যার পরই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করবেন বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 01:26 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক রয়েছে, ওই বৈঠকের পরই বিরোধী দলের নেতার কাছে টেলিফোন যাচ্ছে। রাজনৈতিক সঙ্কটের মুখে যে টেলিফোন দেশবাসীর জন্য স্বস্তি আনবে বলে রাজনৈতিক মহলের প্রত্যাশা।

সুরঞ্জিত দুপুরে এক আলোচনা সভায় বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টায় আমাদের গুরুত্বপূর্ণ সভা রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, ওই সভা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী আপনাকে [বিরোধীদলীয় নেতা] ফোন দেবেন।

“আমি প্রত্যাশা করব, দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আপনি আমাদের সহযোগিতা করবেন।”

নির্বাচন পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যে শুক্রবার জনসভায় বক্তব্যে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। তা না হলে রোববার থেকে তিন দিন হরতালের ঘোষণাও দেন তিনি।

বিরোধী দলের জনসভার আগেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছিলেন, আলোচনার জন্য বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করবেন প্রধানমন্ত্রী।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে তাতে অংশ নিতে গত ১৮ অক্টোবর আহ্বান জানান শেখ হাসিনা।

এর পর খালেদা জিয়া পাল্টা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা দিয়ে তা নিয়ে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠিও দেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে টেলিফোন করলে সংলাপের একটি আবহ তৈরি হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর মধ্যেই দশম সংসদ নির্বাচনের ক্ষণগণনার প্রথম দিন শুক্রবার জনসভায় এসে আলোচনার উদ্যোগ নিতে সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেন খালেদা জিয়া।

রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত হরতাল ডাকার সমালোচনাও করেন।

তিনি বলেন, “আপনি যে আল্টিমেটাম দিয়েছেন, তাতে শান্তির পরিবেশ নষ্ট হয়েছে। গতকাল জনসভায় বক্তব্য প্রদানের মাধ্যমে মূলত তিনি শান্তিপূর্ণ সংলাপের পরিবেশকে রুদ্ধ করার জন্যই এই পদক্ষেপ।”

বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে খালেদার বক্তব্যের সমালোচনা করে এই বক্তব্যের বাখ্যাও দাবি করেছেন সুরঞ্জিত।

“সাংবিধানিকভাবে এই সরকারের মেয়াদ শেষ হবে আগামী জানুয়ারি মাসের ২৪ তারিখ। অথচ আপনি গতকালের জনসভায় বলেছেন এই সরকার অবৈধ হয়ে গেছে। আপনার এই বক্তব্যের আইনগত ও সাংবিধানিক কোন ভিত্তি রয়েছে কি না তা স্পষ্ট করুন। যদি না থেকে থাকে তাহলে তা প্রত্যাহার করুন।”

শনিবারের জনসভায় বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ‘আক্রোশপূর্ন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “গতকাল বিএনপির মুখ দিয়ে জামায়াতের ভাষা ব্যক্ত হয়েছে।”  

গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে বিরোধীদলীয় নেত্রী ‘বিচ্যুত’ হলেও আওয়ামী লীগ তা হবে না, বলেন তিনি।

“গোটা দেশ আজ দেশের প্রধান দুটি দলের দিকে তাকিয়ে আছে। শান্তিপূর্ণ পরিবেশ সংলাপের পূর্বশর্ত। আমারা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন একটি শান্তিপূর্ণ, সুষ্টু পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত করার। বিরোধী দলীয় প্রধান এর সাথে একমত না হতে পারেন, কিন্তু আওয়ামী লীগ তার এই লক্ষ্য থেকে বিচ্যুত হবে না।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও অগ্রনী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মহাসচিব অরুন সরকার রানা, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট ইয়াদিয়া জামান প্রমুখ।