খালেদার বক্তব্য কাণ্ডজ্ঞানহীন: মেনন
সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শনিবার এক সংবাদ সম্মেলনে মহাজোটের এই সাংসদ বলেন, “সরকারকে অবৈধ বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা কাণ্ডজ্ঞানহীন। সংসদের মেয়াদ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচিত উত্তরসূরির কাছেই ক্ষমতা দিবেন।”
নির্বচানকালীন সরকার নিয়ে মতপার্থক্য দূর করতে যখন আলোচনার পথ খুলছে সে সময় বিরোধী দলীয় নেতার আলটিমেটাম ও হরতালের ঘোষণায় পরিবেশ নষ্ট হওয়ার ‘উপক্রম’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংলাপ অনুষ্ঠানে খালেদা জিয়ার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মেনন বলেন, “যখনই আলোচনার প্রস্তাব আসলো তখনই আলটিমেটাম দিয়ে পরিবেশ নষ্টের উপক্রম হচ্ছে। তিনি নির্বাচনের পরিস্থিতি নেগলেক্ট করলেন।
“তিনি আগেও আলটিমেটাম দিয়েছেন। আসলে তিনি সংলাপ চান কি না সেটা দেখার বিষয়। অন্য কোনো বিষয় আহ্বান করছেন কি না সেটা দেখার বিষয়। এর আগে বগুড়ায় সেনাবfহিনীকে তিনি আহ্বান করেছিলেন। কাল আবার সরকার উৎখাতের প্রশ্ন কেন নিয়ে এলেন?”
শুক্রবার ১৮ দলের সমাবেশ থেকে নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দিনের মধ্যে আলোচনার দাবি জানিয়ে ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণা দেন খালেদা জিয়া। আগামী ২৭ অক্টোবর থেকে বর্তমান সরকার ‘অবৈধ’ বলেও দাবি করেন তিনি।
খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মেনন বলেন, “তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার কথা বলে কার্যত যুদ্ধাপরাধীদের মুক্তি দেয়ার কথা বলেছেন।”
এদিকে নির্বাচন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে টেলিফোন করে খালেদা জিয়াকে না পাওয়ায় বিএনপি প্রধানের সমালোচনা করেন মেনন।
তিনি বলেন, “উনি (খালেদা জিয়া) রাতছাড়া দিনের কাজে যুক্ত কি না আমরা জানি না।”
অবশ্য পরে সন্ধ্যায় প্রধান দুই নেত্রীর ফোনালাপ হয়।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী বৈঠক শেষে নাখালপাড়া সংসদ সদস্য ভবনে এই সংবাদ সম্মেলন হয়। দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সংসদ সদস্য ফেজলে হোসেন বাদশা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
