রাজধানীতে ৩১ জন গ্রেপ্তার, সাজা ৬ জনের
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের আগে রাজধানীতে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের মতো নাশকতায় জড়িত সন্দেহে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে থেকে ১১টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ছয় জনকে একবছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় থেকে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় তিনি জানাতে পারেননি।
হরতালের আগে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ছাড়াও বিজয়নগরে গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। হাতবোমা বিস্ফোরিত হয়েছে বিচারপতির বাড়ি সামনে।
পুলিশ কর্মকর্তা জানান, গুলশান এক নম্বর এলাকার জারা নামের একটি শপিং মলের সামনে বোমা বিস্ফোরণের চেষ্টাকালে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রায় একই সময় গুলশানের ১১ নম্বর সড়কে মীনা বাজারের কাছে একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা কালে পুলিশের হাতে তিনজন ধরা পড়েন।
পরে গ্রেপ্তারদের এক বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
