এখনো আশাবাদী প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণ জানানোর পরও হরতাল কর্মসূচি প্রত্যাহার না করায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যায় দুই নেত্রীর মধ্যে আলাপের পর বিএনপির প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, পূর্ব নির্ধারিত তিন দিনের হরতালের পর তারা সংলাপের বসতে চান।
বিএনপির বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দুঃখ প্রকাশ’ করেছেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বলেন, “তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী দুঃখ পেয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরও তিনি আশা প্রকাশ করে বলেছেন বিরোধীদলীয় নেত্রী নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করবেন, হরতাল প্রত্যাহার করবেন।”
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় খালেদা জিয়ার সংলাপের উদ্যোগ নিতে সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে রোববার থেকে তিন দিনের হরতালের ঘোষণা দেন।
এর পরদিন শনিবার বিএনপি চেয়ারপারসনকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভানেত্রী।
ইকবাল সোবহান চৌধরী বলেন, “তিনি (খালেদা জিয়া) সংলাপ চেয়েছিলেন। প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন।”
শেখ হাসিনা হরতাল প্রত্যাহার করে সোমবার গণভবনে আলোচনা ও নৈশভোজের জন্যও খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “আলটিমেটামের আগেই বিরোধীদলীয় নেতাকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আশাকরি, বিরোধীদল ইতিবাচকভাবে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করবে।”
প্রধানমন্ত্রীর আমন্ত্রণের পর হরতালের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
