খালেদার ফোন ‘বিকল’
ফোনে না পাওয়ার ব্যাখ্যা দিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার বাড়ির ‘রেড’ টেলিফোনটি অনেক দিন ধরে বিকল হয়ে আছে।
সঙ্কটমুহূর্তে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করেও না পাওয়ার কথা জানানোর পর বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস শনিবার বিকালে একথা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলশানের বাসার রেড টেলিফোন দীর্ঘদিন যাবৎ বিকল হয়ে আছে।
“এডিসি সাহেব (প্রধানমন্ত্রীর কার্যালয়ের) যখন আমাকে টেলিফোন করেছেন, তাকে অনুরোধ করেছি, রেড টেলিফোনে রিং করুন। তখন তিনি (এসিডি) কল করলেও এই প্রান্তে কোনো রিং আসেনি।”
প্রধানমন্ত্রী ফোন করেও না পাওয়ার খবর প্রকাশিত হওয়ার পর তা জেনে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ টিঅ্যান্ডটি বোর্ডে সাব ডিভিশন ইঞ্জিনিয়ার ত্রিরত্ন চাকমাকে রেড টেলিফোন দীর্ঘদিন বিকল হয়ে থাকার বিষয়টি জানিয়েছেন।
