নোয়াখালীতে সংঘর্ষ, আ.লীগ কার্যালয়ে আগুন
নোয়াখালীর মাইজদীতে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা পুলিশ সুপারসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে সংঘর্ষ শুরুর পর বিএনপি কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় ও এর সামনে থাকা সাতটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি নেতাকর্মীরা একের পর এক হামবোমা বিস্ফোরণ ঘটিয়ে মিছিল নিয়ে হামলা চালায়। এ সময় তিনি (এসপি), সহকারী পুলিশ সুপার নিস্কৃতি চাকমাসহ পুলিশের ২০ পুলিশ সদস্য আহত হন।
আহত এক এএসআই ও তিন কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশ সুপার। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি পাঁচ শতাধিক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ২০ জনকে আটক করা হয়েছে।”
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘাত এড়াতে আগেই আওয়ামী মিছিলসহ শহীদ মিনার চত্বরের দিকে চলে যায়। কিন্তু ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সমঝোতার কথা না রেখে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে। আগুনে সাধারণ ব্যবসায়ীদের ১০টির মতো দোকান পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।
অবশ্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ দাবি করেন, পুলিশ বিনা উস্কানিতে তাদের মিছিলে বাধা দেয়। পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলে হামলা চালিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করা হয়েছে।
পুলিশের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হামলায় কয়েকজন নেতাকর্মীগুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
আহতদের মধ্যে ১০ জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
