চট্টগ্রামে সমাবেশে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি
চট্টগ্রামে ১৮ দলীয় জোটের সমাবেশে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি তুলে বক্তব্য দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন নেতা।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরী বক্তব্যে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার বড়ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করেন।
তিনি বলেন, “বিচারকদের বিরুদ্ধে কথা বললে নাকি আদালত অবমাননা হয়। কিন্তু তারপরেও বলতে চাই স্কাইপির মাধ্যমে বিচারকদের সতীত্ব নষ্ট হয়ে গেছে।”
জামায়াতে ইসলামীর দুই নেতাও সমাবেশে বক্তব্যে যুদ্ধাপরাধে দণ্ডিত ও বিচারাধীন দলীয় নেতাদের মুক্তি দাবি করেন।
তবে বিএনপির অন্য কোনো নেতা যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তি নিয়ে কিছুই বলেননি।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এদিন সমাবেশে উপস্থিত হন।
বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি সম্বলিত বক্তব্য নিয়ে তারা সমাবেশস্থলে আসেন। পাশাপাশি বিভিন্ন শ্লোগানে যুদ্ধাপরাধে দণ্ডিতদের মুক্তি দাবি করেন।
এসময় সমাবেশস্থল ও আশপাশের এলাকায় লাঠি ও লোহার পাইপ নিয়ে অবস্থান করতে দেখা যায় জামায়াত-শিবির নেতাকর্মীদের।
শুক্রবার বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কাজীর দেউড়ি এলাকায় উপস্থিত হয় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
তাদের সঙ্গে থাকা ব্যানারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ছাড়াও জামায়াত-শিবির নেতাদের মুক্তির দাবি সম্বলিত বক্তব্য দেখা যায়।
সমাবেশস্থলের বিভিন্ন স্থানে শিবিরকর্মীদের বহন করা প্ল্যাকার্ডে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ বিচারের মুখোমুখি থাকা জামায়াতের অন্যান্য নেতার মুক্তি দাবি সম্বলিত বক্তব্য দেখা যায়।
এছাড়া সমাবেশের মূল মঞ্চের পাশে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি সম্বলিত একটি ব্যানারও দেখা যায়।
সমাবেশে নগর জামায়াতের আমির আনম শামসুল ইসলাম বলেন, “শেখ হাসিনার সরকার গত পাঁচ বছর জনগণের ওপর অত্যাচার, নির্যাতন করেছে। হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আসামি করেছে।”
তিনি বলেন, “সাঈদী-নিজামী-মুজাহিদদের মুক্তি ছাড়া জামায়াত ঘরে ফিরে যাবে না।”
এ সময় সমাবেশে উপস্থিত কয়েক হাজার শিবিরকর্মী শ্লোগান দিয়ে তাকে সমর্থন জানান।
সাতকানিয়ার সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাজাহান চৌধুরী বলেন, “লগি-বৈঠার রাজনীতি করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জামায়াত ও ১৮ দলীয় জোট গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছে।”
যুদ্ধাপরাধে দণ্ডিত দলীয় নেতাদের মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশের শেষ পর্যায়ে শিবিরকর্মীরা নগরীর লালখান বাজার মোড়ে একটি বিপণী বিতানে ভাংচুর চালায়। কাছাকাছি সময় ওয়াসার মোড়ে সড়কে কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা।
