২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতবিরোধী অভিযানের বিচার হবে: পার্থ

মহাজোট সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 10:45 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার সোহরাওয়ার্দি উদ্যানের জনসভায় ১৮ দলীয় জোটের শরিক দলের এই নেতা বলেন, “এই সরকারের এখন মন খারাপ কারণ তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। এদের আরো চার বার মন খারাপ হবে।”

“প্রথমত যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে, দ্বিতীয়ত তারেক রহমান যখন দেশে ফিরে নেতৃত্ব দেবেন, তৃতীয়ত খালেদা জিয়া যখন ১৮ দলীয় জোটের নেত্রী থেকে প্রধানমন্ত্রী হবেন এবং সর্বশেষ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মতিঝিল থেকে হটাতে যেসব গুলি ব্যবহার করা হয়েছিল যখন তার বিচার হবে।”

পার্থ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। নির্বাচন হতেও দেব না।”

বাবা নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর তার আসন থেকে নির্বাচন করে জয়ী হন আন্দালিব। পরে দলের চেয়ারম্যানও হন তিনি।

জনসভায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, “বাকশাল কায়েমের জন্য ১৯৭৫ সালে সংবিধান সংশোধন করা হয়েছিল। আর ২০১৩ সালে সংবিধান সংশোধন করা হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য।”

এদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ জনসভায় ভাষণে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “অন্যায়ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে।”

দণ্ডিত ও বিচারাধীন সব জামায়াত নেতার নাম উল্লেখ করে মকবুল বলেন, “এদের হত্যা করে কি আন্দোলন দমাতে পারবেন? পারবেন না।”

“আমরা কোনো অবস্থাতে এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। কারণ এই সরকারের কাছ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড আশা করা যায় না।”

আওয়ামী লীগ ক্ষমতায় এসে দলের নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার করে নিয়েছে বলেও দাবি করে এই জামায়াত নেতা।

তিনি বলেন, “সাম্প্রদায়িকতার উর্ধ্বে কেউ নয়। রাজনীতিতেও সাম্প্রদায়িকতা আছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সাম্প্রদায়িক।”