২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে জোটের কর্মসূচিতে হামলার অভিযোগ রিজভীর

জনসভার দিনে সারা দেশে ১৮ দলের নেতাকর্মীদের ওপর পুলিশ ও  আওয়ামী লীগকর্মীদের হামলা ও গণগ্রেপ্তারের অভিযোগ এনেছে বিএনপি।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 10:05 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এসব ঘটনায় সারাদেশে ছয়জন নিহত ও সাড়ে পাঁচশ নেতা-কর্মী আহত হয়েছে।

“নির্দলীয় সরকারের দাবিতে আজ ঢাকায় বিরোধী দলীয় নেতার জনসভা ও সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ-র‌্যাব-বিজিবিসহ আওয়ামী লীগের গুণ্ডারা হামলা চালিয়েছে।”

সারাদেশে বিএনপি ও জোটের সাড়ে চারশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রিজভীর দাবি, ঢাকা, নেত্রকোনা, পঞ্চগড়, ঝালকাঠি, মাগুরা, পাবনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, চট্টগ্রামসহ সারাদেশিই পুলিশ ও আওয়ামী লীগ ১৮ দলীয় জোটের কর্মসূচিতে ‘হামলা’ চালিয়েছে।

নয়া পল্টনে এই সংবাদ সম্মেলনে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি,শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিনও উপস্থিত ছিলেন।