শিবির সভাপতির মুক্তি চাইলেন খালেদা
সন্ত্রাস ও নাশকতার শতাধিক মামলার আসামি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. দেলাওয়ার হোসেনসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার সোহরাওয়ার্দি উদ্যানে ১৮ দলের সমাবেশে বক্তব্যের শুরুতেই শিবির সভাপতি দেলাওয়ারের নাম উচ্চারণ করেন বিরোধী দলীয় নেতা।
খালেদা জিয়া বলেন, “এই সরকার অন্যায়ভাবে শিবির সভাপতি দেলাওয়ারকে গ্রেপ্তার করেছে। মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে ছেলেটাকে পঙ্গু করা হয়েছে।”
এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান তিনি।
খালেদা জিয়া বলেন, “বিভিন্ন সময় সরকারের হাতে বিরোধী দলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদের প্রত্যেককে মুক্তি দিতে হবে। ১৮ দল ক্ষমতায় গেলে এদের প্রত্যেককে মুক্তি দেয়া হবে।”
যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে জামায়াতি তাণ্ডবের মধ্যে গত ৩১ মার্চ রাজধানীর শ্যামলী থেকে দেলাওয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রায় ১২০টি মামলা রয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলীয় নেতা শিবির সভাপতির মুক্তি চেয়েছেন। এর প্রতিবাদে শনিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করা হবে।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন ও দণ্ডিতদের মুক্তি দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে আসছে জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠন।
