২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায় জেলায় সংঘর্ষ, বোমাবাজি

দলের কেন্দ্রীয় নির্দেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দণীয় জোট ও আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। এ সময় কোথাও কোথাও সরকার বিরোধী বিক্ষোভকারীরা হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 09:45 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

এছাড়া পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোন কোন এলাকায় টিয়ারগ্যাস ও রবারবুলেট ছোড়ে এবং বিক্ষোভকারীদের আটক করে পুলিশ বলে বিভিন্ন জেলার প্রতিনিধিরা তথ্য পাঠিয়েছেন।

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর‌্যন্ত উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়।

মনোহরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সাদেক হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীরা একটি সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী লীগ নেতা-কর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। এ সময় সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সাত সদস্যও আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: কসবায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৮/১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িযার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

আহতদের মধ্যে উপজেলা যুবদল সভাপতি শাহীন রহমান এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী জামাল মিয়া ও মাসুদকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম।

গাইবন্ধা: সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে হাতবোমার অংশগুলো থানায় নিয়ে যান।

তিনি বলেন, বিস্ফোরণের বিষয়টি বিষয়টি তদন্ত করা হচ্ছে।

গাজীপুর: জেলার শ্রীপুরে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস এবং রবার বুলেট ছোড়া হয়েছে।

লালমনিরহাট: হাতীবান্ধায় সন্ধ্যায় পুলিশ, ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বাধে।

হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার জানান, পুলিশ নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধায় ছাত্রদল ও ছাত্রলীগ মিছিল বের করে। এ সময় সংঘর্ষ বাধে।

“এতে আমি নিজেসহ পুলিশের উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম এবং দৈনিক মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজুসহ ৫জন আহত হই।”

তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।

মাগুরা: বিক্ষোভ মিছিল থেকে জেলা শহরে ভাঙচুর ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, মিছিল থেকে উশৃঙ্খল কয়েকজন যুবক ভাংচুরের চেষ্টা চালায়।

তিনি জানান, বিএনপির একটি মিছিল থেকে শহরের এমআর রোডে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু নাসির বাবলুর বাড়ি ও তার মালিকানাধীন মার্কেটে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

নেত্রকোনা: বারহাট্টা উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয় দলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ বলেন, দুই দলের দুটি মিছিল মুখোমুখী হলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে ১১ জন বারহাট্রা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু রায়হান।

পাবনা: পাবনার ঈশ্বরদীতে ১৮ দলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গেই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার বলেন, বিকালে ১৮ দলীয় জোট নেতাকর্মীরা বিক্ষোভ কর্মূচীর অংশ হিসেবে মিছিল বের করে।

তবে সংঘর্ষের জন্যে আওয়ামী লীগকে দায়ী করেছে স্থানীয় বিএনপি।

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আটোয়ারী থানার ওসি সোহরাব আলী বলেন, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে দুটি স্থানে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৩ জন আহত হয়েছে।

কাউথালী থানার ওসি শ্যামল কান্তি বড়ুয়া বলেছেন, সংঘর্ষ চলাকালে পুলিশের এক সদস্য সামান্য আহত হন।

ময়মনসিংহ: ময়মনসিংহে সন্ধ্যার দিকে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

কোতয়ালি পুলিশের ওসি গোলাম সারোয়ার বলেন, শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ে অবস্থান নেয়া বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মিছিলে বাধা দিলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

যশোর: মণিরামপুর উপজেলায় ১৮ দলের সমাবেশ শেষে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাংচুর করে ছাত্রশিবিরের কর্মীরা।

মণিরামপুর থানার ওসি মোশাররফ হোসেন ভুঁইয়া জানান, সমাবেশ শেষে দুই শতাধিক যুবক পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আদম আলীর বাড়িতে হামলা চালায়।

“এ সময় তারা বোমা বিষ্ফোরণ ঘটায়।”

মণিরামপুর উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য বলেন, ~শিবিরের ক্যাডাররা হেলমেট পরে এবং মুখ ঢেকে হামলায় অংশ নেয়। তাদের সঙ্গে লাঠি, ধারালো অস্ত্র ও কাঁধে ব্যাগ ছিল।”