২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সংঘর্ষ, আটক ১২

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 07:49 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে বিএনপি-জামায়াতের ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রামগঞ্জ থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি বিজিবি ও বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী শহরে অবস্থান নিয়েছে।”

রামগঞ্জ শহরে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ পৃথক জনসভার আয়োজন করে।

দুপুর ২টার দিকে আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, সফিকুল ইসলামের নেতৃত্বে শহরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শুরু করেন।

প্রায় একই সময়ে বিএনপি নেতা মাহবুবুর রহমান বাহার ও ভিপি আবদুর রহিমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরাও পৃথক মিছিল করেন।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান বলেন, অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি-জামায়াত শহরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে।

“এক পর্যায়ে বিনা উস্কানিতে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা অর্তকিতে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা চালায়।”

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার বলেন, “আওয়ামী লীগ ও পুলিশ যৌথভাবে তাদের নেতাকর্মীদের ওপর  হামলা চালিয়েছে।”

এতে গুলিবিদ্ধ হওয়াসহ বিএনপির ২৫ নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।