অনুমতি মিলেছে বিএনপির, পায়নি আ’লীগ
বরিশালে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি পেয়েছে বিএনপি। তবে মিছিল বা সমাবেশ কোনটির-ই অনুমতি পায়নি আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন মৌখিকভাবে এই অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (সদর) সোয়েব আহমেদ।
সোয়েব জানান, পুলিশের দেয়া শর্ত অনুযায়ী বিএনপিসহ ১৮ দলীয় জোট মিছিলের মাধ্যমে নগরীতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।
“এছাড়া কোন অস্ত্র কিংবা লাঠিসোটা বহন এবং জনমনে ভীতির সঞ্চার হয় এমন কোন কাজ করা যাবে না।”
এর কোন শর্ত ভঙ্গ হলে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
মহানগর বিএনপি-র প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, সকাল ১০টায় সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল করবেন তারা।
এর আগে শুক্রবার সকাল ১০টায় নগরী অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করে বিএনপি ও আওয়ামী লীগ।
তবে বিশৃঙ্খলা এড়াতে এবং জানমাল রক্ষার্থে কোন দলকেই অনুমতি দেয়নি পুলিশ কমিশনার।
কিন্তু যে কোন মূল্যে সমাবেশ করা ঘোষণা দেয় বিএনপি। আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালনের ব্যাপারে অনঢ় থাকে।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন আনুষ্ঠানিকভাবে নগরীতে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিট থেকে পরবর্তি ২৪ ঘটনা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকার কথা ছিল।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম জানান, পুলিশের কাছে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল।
কিন্তু পুলিশ সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করায় তারা পূর্ব নির্ধারিত সমাবেশ করবেন না।
“তবে বিএনপি কিংবা ১৮ দলের নেতাকর্মীরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে।”
তাই নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানান আফজালুল করিম।
