দুই নেত্রীর সঙ্গে কথা বলতে চায় ডিসিসিআই
নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে সমঝোতার লক্ষ্যে মধ্যস্ততার উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই)।
ঢাকার ব্যবসায়ীদের এই সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাক্ষাত চেয়ে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি এমএ সবুর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুই নেত্রীকে ‘বোঝানোর’ চেষ্টা করবেন।
২০ অক্টোবর ওই চিঠি দেয়ার পর বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যে সাক্ষাতের সময় দেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান এমএ সবুর। আর প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তার দপ্তর থেকে এখনো কোনো জবাব আসেনি।
বৃহস্পতিবার আবারো বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানান ডিসিসিআই সভাপতি।
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলকে সমঝোতায় আনতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আগেও একটি উদ্যোগ নেয়া হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে সংগঠনের সাবেক সভাপতিদের সে উদ্যোগ আপাতত থমকে আছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কয়েক দফা চিঠি দিয়েও সাড়া পায়নি এফবিসিসিআই।
যদিও এর মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বিএনপি ঘেষা ব্যবসায়ীদের নিয়ে ‘ব্যবসায়ী পরিষদ’ নামের একটি সংগঠন করে খালেদা জিয়ার উপস্থিতিতে আলোচনা সভা করেছেন।
এ থেকে অনেকের ধারণা, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হলেও এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদকে সরকার সমর্থক মনে করছে বিএনপি।
আর এ কারণেই ব্যবসায়ীরা আলাদা পথ বেছে নিচ্ছেন। এজন্য এফবিসিসিআইর সভাপতিকে বাদ দিয়ে গত ১৯ অক্টোবর হোটেল ওয়েস্টিনে একটি বৈঠক করেন একদল ব্যবসায়ী নেতা, যার সভাপতিত্ব করেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান।
এ পরিস্থিতিতে সমঝোতার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে ডিসিসিআই। তবে এফবিসিসিআইয়ের যে কোনো উদ্যোগের সঙ্গেও থাকার কথা জানিয়েছে তারা।
ডিসিসিআই সভাপতি বলেন, “আমরা এফবিসিসিআইয়ের সঙ্গে আছি। তবে যেহেতু তারা প্রোপারলি পারছে না, তাই চিন্তা করলাম, আমরা একটি উদ্যোগ নিয়ে দেখি।”
দুই নেত্রীকে চিঠি
গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাক্ষাত চেয়ে চিঠি দেয় ঢাকা চেম্বার।
চিঠিতে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরার কথা বলে সাক্ষাত চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে রাজনৈতিক সমস্যার বিষয়টি তেমন উল্লেখ না থাকলেও খালেদা জিয়াকে দেয়া চিঠিতে রাজনৈতিক বিষয় স্থান পেয়েছে।
প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে ঢাকা চেম্বারের সভাপতি এমএ সবুর বলেন, তারা দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরি করার উদ্যোগ নিয়েছেন। সে বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও সহযোগিতা চান। এছাড়াও আর্থ-সামাজিক উন্নয়নে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তারা তুলে ধরতে চান।
আর খালেদা জিয়াকে দেয়া চিঠিতে এমএ সবুর বলেন, চলমান রাজনৈতিক সংকট এবং অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশে আর্থ-সামাজিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
“বর্তমানে দেশের মানুষের কাছে রাজনীতি একটি প্রকট সমস্যা হিসেবে পরিগণিত হচ্ছে। রাজনীতির প্রতি মানুষের অবিশ্বাস ও আস্থাহীনতা বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে প্রধান ভূমিকা রাখতে হবে যাতে দেশের সর্বত্র বিরাজমান দুর্নীতি লাঘব করে সুশাসন নিশ্চিত করে একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়া সম্ভব হয়।”
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজে বের করার লক্ষ্যে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদ নির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরতে চায় বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
