বিরোধী দলের প্রস্তাব ‘বাতিল মাল’: সুরঞ্জিত
নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের প্রস্তাবকে ‘বাতিল মাল’ বললেও তাদের আলোচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেছেন, “আপনারা যে প্রস্তাব দিয়েছেন, তা নতুন বোতলে পুরনো মদ। এটা বাতিল মাল, প্রত্যাখাত। এই প্রস্তাবে সমঝোতার পথ নেই।
“সমঝোতা আছে প্রধানমন্ত্রীর প্রস্তাবে, তা নিয়ে আলোচনা হতে পারে।”
বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন সুরঞ্জিত। এর আগে বিএনপির জমিরউদ্দিন সরকার সংসদে খালেদা জিয়ার নির্দলীয় সরকারের প্রস্তাব তুলে ধরেন।
নির্বাচনকালে সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় নির্দলীয় সরকারের পাল্টা প্রস্তাব দেন বিএনপি চেয়ারপারসন।
সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)
১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপির প্রস্তাবকে সংবিধানবিরোধী বলে তা মেনে নেয়ার সুযোগ নেই, বলেন ’৭২ এর সংবিধান প্রণয়ন কমিটির এই সদস্য।
