২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানাহানি হলে তা ঠেকাবে আওয়ামী লীগ: কামরুল

আগামী নির্বাচনের আগে  বিএনপি সংঘাত বাঁধানোর চেষ্টা করলে তা ঠেকাতে আওয়ামী লীগ কর্মীদের তৈরি থাকতে বলেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বক্তব্য রাখেন কামরুল।

তিনি  বলেন, “খালেদা জিয়া আইএসআইয়ের প্রস্তাব অনুযায়ী যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই অনুযায়ী নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।

“কিন্তু, যদি কেউ হানাহানির পথ বেছে নেয়, আমরা বসে না থেকে তা প্রতিহত করব, কোনো রকম ছাড় দেয়া হবে না।”

সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “আগামী ২৫ অক্টোবর বিরোধী দল যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকব।”

 “তারা যদি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে তা প্রতিহত করা হবে,” “ বিরোধী দলকে হুঁশিয়ার করেন তিনি।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতে আগামী ২৫ অক্টোবর থেকে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়েছে।

আন্দোলনরত বিএনপিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছিলেন।

সেই প্রস্তাব গ্রহণ না করে বিএনপি চেয়ারপারসন পাল্টা প্রস্তাবে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা দিয়েছেন, যাতে উপদেষ্টা হবেন ১৯৯৬ ও ২০০১ সালের উপদেষ্টাদের মধ্য থেকে।

আইন প্রতিমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাব নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

“কারণ সংবিধানের বাইরে গিয়ে কোনো রকম আলোচনা হবে না। সংবিধানে যে নির্দেশনা দেয়া আছে, সেই অনুযায়ী আলোচনা হতে পারে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে অনির্বাচিতদের ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই।