সিরাজগঞ্জে হরতাল প্রতিরোধের ঘোষণা আ. লীগের
নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা দায়েরের প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার বিকালে সংবাদ সন্মেলনে এ ঘোষণা দেয়ার পর বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও ছয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
সোমবার বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য ও হাবিবে মিল্লাত মুন্না বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে তারা বিএনপির হরতাল প্রতিহতের ঘোষণা দেন।
বিএনপির ৬শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রোববার বিএনপির মিছিল চলাকালে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনায় ৬ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
এছাড়া আওয়ামী লীগ নেতা হাবিবে মিল্লাত মুন্নার বাসায় ভাংচুরের ঘটনায় দলের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ দুই মামলায় পুলিশ ২৬ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, এএসআই মাসুদ বাদী হয়ে রোববার রাতে ১০০ জনের নাম উল্লেখসহ ৪-৫ শতাধিক বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করে মামলা করেছেন
এছাড়া হাবিবে মিল্লাত মুন্নার বাসা ভাংচুরের ঘটনায় তার ভাগিনা একরামুল হক রিজভী বাদী হয়ে ৩১ জন বিএনপি নেতাকর্মীর নামে আরেকটি মামলা করেছেন।
রাতে শহরের বিভিন্ন স্থানে র্যাব, থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে অন্ততঃ ৩০ জনকে আটক করেছে। এদের থানার রেখে যাচাই-বাচাই শেষে ২৬ জনকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
