বুধবার বসছে ১৪ দল
নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই বুধবার ১৪ দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ সোমবার দুপুরে জানান, আগামী বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এই বৈঠক হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাতে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেন। চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে পার্টির ১৫ জনের একটি প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেন।
ওই বৈঠক শেষে আওয়ামী লগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, কয়েক দিনের মধ্যে ১৪ দলের সঙ্গেও বসবেন তারা।
মৃণাল কান্তি দাশ জানান, ১৪ দলের এই বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী সংশিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি।
