জনসভাস্থলে ১৪৪ ধারায় মোশাররফের ক্ষোভ
কুমিল্লার দাউদকান্দিতে জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটাকান্দি বাজারে সোমবার বিকাল ৩টায় এই জনসভা হওয়ার কথা ছিল।
তবে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করায় স্থান পাল্টে একই ইউনিয়নের কদমতলী মাঠে জনসভার আয়োজন করা হয়েছে বলে জানান সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ।
ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্যের চাপে প্রশাসন অন্যায়ভাবে জনসভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “এই ঘটনা থেকে প্রমাণ হয়, এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে।”
