২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালদীঘিতে জনসভা নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

দশম সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতেই আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল লালদীঘি ময়দানে জনসভা করার ঘোষণা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

জনসভা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। ২৫ অক্টোবর ঢাকায়ও পাল্টাপাল্টি জনসভা ডাকায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে পুলিশ সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

আগামী নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে দুই দলের মধ্যে সমঝোতা এখনো হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববারও বলেছেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

২৫ অক্টোবর দশম সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতেই চট্টগ্রামে জনসভা করতে চাইছে ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলই।   

বিএনপি নেতারা বলছেন, জনসভা করতে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর লাল দীঘি ময়দান ব্যবহারের অনুমতি তাদের আগেই নেয়া রয়েছে।

২৫ অক্টোবর যে কোনো মূল্যে জনসভা করার ঘোষণাও দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির নেতারা।

এর মধ্যেই রোববার দুপুরে সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বিরোধী দলের ‘হুমকি’র প্রতিবাদে ২৪ ও ২৫ অক্টোবর লালদীঘিতে জনসভার ঘোষণা দেন।

এর কয়েক ঘণ্টা পর নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ২৪ ও ২৫ এর পরিবর্তে ২৫ ও ২৬ অক্টোবরে লাল দীঘি ময়দানে জনসভার সিদ্ধান্ত হয়।

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৩ অক্টোবর থেকে নগরীর ১৫টি সাংগঠনিক থানায় সমাবেশ হবে। প্রতিদিন দুটি করে সমাবেশ হবে।

“এর অংশ হিসেবে ২৪ ও ২৫ এর পরিবর্তে ২৫ ও ২৬ অক্টোবর লাল দীঘিতে জনসভা করার সিদ্ধান্ত হয়েছে।”

ওই স্থানে বিএনপি সমাবেশের বিষয়ে ইব্রাহীম হোসেন বাবুল বলেন, “তাদের অফিসিয়ালি অনুমোদন আছে কি না, আমরা জানি না। আমরাও অনুমতি চেয়ে চিঠি দিয়েছি।”

এদিকে রোববার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,“বিএনপি ২৫ তারিখ লালদীঘিতে সমাবেশ করবে। এজন্য অনুমতিও নেয়া হয়েছে।”

আওয়ামী লীগের ঘোষণার প্রসঙ্গে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবরে লালদীঘি ব্যবহারের অনুমতি আমরাই নিয়েছি। তারপরও যদি গায়ের জোরে সমাবেশ করতে চাইলে তা হবে অগণতান্ত্রিক।”

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আমী খসরু বলেন, “তারা অন্যদিন বা অন্য কোথাও করুক। বিএনপির সমাবেশকে বানচাল করতেই সরকারি দলের লোকজন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি প্রশাসনকেও নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করে যাদের কাছে অনুমতি আছে তাদের সমাবেশ করতে দেয়ার অনুরোধ জানান।

চট্টগ্রামের লালদীঘি ময়দান সরকারি মুসলিম হাইস্কুলের মালিকানাধীন। বিএনপি মাঠের অনুমতি নিয়েছে কি না- জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হায়দার সরাসরি কিছু বলতে চাননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক কর্মকর্তা বলেন, বিএনপির পক্ষ থেকে গত ১০ অক্টোবর স্কুল কর্তৃপক্ষের কাছে ২৫ অক্টোবরে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়।