২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোট কেড়ে ক্ষমতায় বসতে চাইছে আ.লীগ’

আওয়ামী লীগ জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় বসতে চাইছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 06:55 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে নগর বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, “আওয়ামী লীগ দলীয় সংবিধান ও নীল নকশার নির্বাচনের মাধ্যমে এবং সংসদ বহাল রেখে পুনরায় ক্ষমতায় বসতে চাইছে।”

দলীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন  পেছনে তাকানো যাবে না। সামনের দিকে এগোতে হবে। কোন বাধা বিএনপিকে ঠেকাতে পারবে না।

২৫ অক্টোবর লাল দীঘি মাঠে আওয়ামী লীগের পাল্টা সমাবেশ আহ্বানের সমালোচনা করে সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছি। কিন্তু একই দিন আওয়ামী লীগও সমাবেশ ডেকেছে। একই ভাবে ১৫ দিন আগে ঢাকায় খালেদা জিয়া সমাবেশ ডাকার পরও একই কাজ হয়েছে।”

২৫ অক্টোবর চট্টগ্রামের সমাবেশ সফল করতে দলীয় নেতা কর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি।

প্রশাসনের উদ্দেশ্যে আমির খসরু বলেন, “আপনার কারো দলীয় স্বার্থে ব্যবহৃত হবেন না। যদি দলীয় স্বার্থে কাজ করেন তাহলে জনগণ এর জবাব দিবে।”

নগর বিএনপি’র সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির সহ-কোষাধ্যক্ষ  এসএম ফজলুল হক, সাবেক সাংসদ রোজী কবির, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।