চাঁদপুরে বিএনপির এমপির বিরুদ্ধে সাবেক নেতার জিডি
প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন দলের বহিষ্কৃত নেতা এমএ হান্নান।
বৃহস্পতিবার মধ্যরাতে ফরিদগঞ্জ থানায় তিনি এই জিডি করেন।
এই ডয়েরিতে হান্নান বলেন, দুর্গাপূজার সময় তিনি বিভিন্ন মণ্ডপে হারুনুর রশিদকে ভোট না দেয়ার আহ্বান জানান। এ নিয়ে গত ১৩ ও ১৪ অক্টোবর সাংসদ হারুন তাকে ‘বিভিন্নভাবে’ হুমকি দেন।
“এতে আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত। আমি জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আইনগত সহায়তা প্রত্যাশা করছি।”
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, অভিযোগটি তদন্তের জন্য এসআই অলোক বড়ুয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ-৪ আসনে প্রথমে এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার কথা বলা হলেও পরে ওই আসনে চার দলীয় জোটের মনোনয়ন পান হারুনুর রশিদ। তখন থেকেই এমএ হান্নান অভিযোগ করে আসছেন, মনোনয়ন বাতিল হওয়ার পেছনে হারুনের হাত রয়েছে।নির্বাচনের পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষও ঘটে।
এই পরিপ্রেক্ষিতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নানকে দল থেকে বহিষ্কার করা হয়।
