তারেককে নিয়ে মুহিতের মন্তব্যের প্রতিবাদ নিউ ইয়র্কে
তারেক রহমানকে ‘দস্যু’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
যুক্তরাষ্ট্র সফররত মুহিত গত ১২ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে এক মতবিনিময় সভায় বলেছিলেন, “আমি তো ভেবেছিলাম যে তারেক রহমানের মতো একজন দস্যু শ্রেণির মানুষের নাম দেশের মানুষ লজ্জায় মুখেই আনবে না।”
খালেদা জিয়ার ছেলেকে নিয়ে করা এই মন্তব্যের প্রতিবাদে রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পৃথক দুটি স্থানে বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি সভা করে।
উভয় সভা থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে বলা হয়, তারেক রহমান সম্পর্কে অশোভন মন্তব্য বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্র জাতীয়তাবাদী শক্তির আদর্শে বিশ্বাসীদেরকে মর্মাহত করেছে।
নিউ ইয়র্ক সিটি বিএনপির সভায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান সেলিম রেজা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া হায়দার জাকির।
সভায় ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, নিউ ইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি এমএ খালেক আকন্দ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এমএসআই শাহিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ওয়াহেদ আলী মণ্ডল প্রমুখ।
অন্যদিকে তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল। সংগঠনের মহাসচিব জসীমউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি শহীদুল্লাহ পাটোয়ারি, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, পিয়ার আলী, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সমাবেশে আকতার বাদল বলেন, “সরকারের পৌনে ৫ বছর শেষ হলো। একটি অভিযোগেরও প্রমাণ করা যায়নি তারেক রহমানের বিরুদ্ধে। তারপরও তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগারের অর্থ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা।”
