২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে না এলে সঙ্কট বিএনপির: কামরুল

বিএনপিকে নির্বাচন আসার আহ্বান জানিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একতরফা নির্বাচন করতে চায় না আওয়ামী লীগ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে সরকারের সঙ্গে বিপরীত অবস্থানে থাকা বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি শনিবার এক আলোচনা সভায় একথা বলেন।

কামরুল বলেন, “দেশের অধিকাংশ মানুষের মতো আওয়ামী লীগও চায়, সংবিধান মেনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।  

“বিএনপি যদি আগামী নির্বাচনে অংশ না নেয়, তবে দলটির অস্তিত্ব সঙ্কটে পড়বে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে এখন সংসদ বহাল রেখে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন হবে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। তা না হলে নির্বাচন বর্জনের হুমকিও দিয়েছে তারা।

সংবিধান অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে।

তার আগে সংবিধান সংশোধন করে নির্দলীয় পদ্ধতি পুনর্বহাল না হলে ২৫ অক্টোবর থেকে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

কামরুল বিরোধী নেতাকে ইঙ্গিত করে বলেন, “খালি কলস বাজে বেশি।

“জনগণকে ২৪ অক্টোবরের পর কী হবে বলে ভয় দেখিয়ে কাজ হবে না। ২৪ অক্টোবরের পর দেশে সংবিধান মেনেই সব কিছু হবে।”

খালেদা জিয়ার একতরফা নির্বাচন প্রতিহতের ঘোষণার প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, “কেউবাধা দিতে চাইলে আওয়ামী লীগ জনগণকে নিয়ে তাদের প্রতিহত করবে।”

কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কামরুল।

ওই সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা এম আব্দুল কাদের খান বক্তব্য রাখেন।

পুরনো খবর:

একতরফা নির্বাচন হতে দেয়া হবে না: মোশাররফ