খালেদা যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে চান: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে চাচ্ছেন।
বুধবার গণভবনে তৃণমূল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বোমা হামলা করে বিএনপি নেতা দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চান।
ফরিদপুর, চাপাইনবাবগঞ্জ, শেরপুর, মাগুরা, সুনামগঞ্জ, কুষ্টিয়া, চাঁদপুর ও বরগুনার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শেখ হাসিনা।
বিগত চার দলীয় জোট সরকারের অত্যাচার-নির্যাতনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এরা আবার ক্ষমতায় এলে দেশের কী অবস্থা হবে চিন্তা করে দেখেন।
“জনগণের কাছে আমাদের প্রশ্ন- আপনারা কি আবার সন্ত্রাস-জঙ্গিবাদ চান? যুদ্ধাপরাধীদের ক্ষমতায় দেখতে চান।”
বিএনপি আবার ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উড়বে মন্তব্য করে প্রধানমন্ত্রী যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সকর্ত থাকতে সবার প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, হেফাজত নেতার মাদ্রাসায় বোমা তৈরির সময় তা বিস্ফোরণ না হলে এ বিষয়ে কেউ কিছু জানতেই পারত না। বিরোধী দলীয় নেতা এসব সন্ত্রাসী এবং তাদের অস্ত্রশস্ত্র ব্যবহার করে সরকার পতন করতে চায়।
মাদ্রাসায় বোমা বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিএনপি নেত্রী জাতির কাছে কি জবাব দেবেন? হেফাজত-জামায়াতকে নিয়ে তিনি ক্ষমতা দখল করতে চেয়েছেন। বিএনপি-হেফাজত ক্ষমতায় এলে দেশে আবার সন্ত্রাস-জঙ্গিবাদ ফিরে আসবে।”
“জামায়াতের সন্ত্রাসের কথা আর বলতে হবে না। হাত কাটা, রগ কাটা, পা কাটা, মানুষ হত্যা সবই তারা করে। তাদের সঙ্গে যোগ হয়েছে হেফাজত।”
প্রধানমন্ত্রী বলেন, “এদের নিয়েই বিএনপি ক্ষমতা দখল করতে চেয়েছিল, সরকার উৎখাত করেতে চেয়েছিল। বিএনপি নেত্রী এদের নিয়েই আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন।”
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফর উল্লাহ চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
