মওদুদের মতো রাজনীতিবিদের প্রয়োজন আছে: ইনু
হাসপাতালে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের চিকিৎসার খোঁজ খবর নিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক ‘মতপার্থক্য’ থাকলেও মওদুদের সঙ্গে ‘ব্যক্তিগত সৌজন্যমূলক সম্পর্ক’ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী তার খোঁজখবর নিতে যান।
ইনু হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সঙ্গে মওদুদের স্বাস্থ্যের অবস্থা ও চিকিৎসা নিয়ে কথা বলেন এবং তার শয্যাপাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, “মওদুদ আহমদ দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সৌজন্যমূলক।”
গত রোববার বুকে ব্যথা অনুভব করায় মওদুদ আহমদকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
