২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিরুদ্ধে রিট

চাকরির মেয়াদ শেষের পরও গুলশানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষককে স্বপদে বহাল রাখায় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদসহ ৬ জনের বিরুদ্ধে একটি রিট দায়ের হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার হাই কোর্টে আব্দুল খালেক মনি নামে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক এই রিট করেন।

ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সুবোধচন্দ্র সরকারের চাকরির মেয়াদ বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় এই রিটে।

একইসঙ্গে তার চাকরির বর্ধিত মেয়াদ বাতিলে কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে ওই শিক্ষককে তার কাজ থেকে নিবৃত্ত করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এতে এরশাদ, শিক্ষা সচিব, ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক, সহকারী প্রধান শিক্ষক সুবোধচন্দ্র সরকার, কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামান মিয়াকে বিবাদি করা হয়েছে।

রিটে বলা হয়, ২০১১ সালের ৪ জানুয়ারি সুবোধচন্দ্র সরকারের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। এরপরও পরিচালনা কমিটি অবৈধভাবে তার চাকরি বহাল রেখে প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন দিচ্ছে।

এতে বলা হয়, “কোনো শিক্ষকের চাকরি বর্ধিত করা যাবে না- মর্মে ২০০৬ সালের ১১ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। ২০১০ সালের ১৫ ডিসেম্বর ও ২০১২ সালের ১৭ জুন দেয়া হাই কোর্টের দুটি রায়ে বলা হয়, ৬০ বছর পূর্ণ হলে আর চাকরির মেয়াদ বর্ধিত করা যাবে না।

“কিন্তু পরিচালনা পরিষদের চেয়ারম্যান এইচএম এরশাদসহ অন্যান্য সদস্যরা অবৈধভাবে ওই শিক্ষকের চাকরির মেয়াদ বর্ধিত করে যাচ্ছেন।”

রিটকারীর আইনজীবী ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিট মির্জা হোসেইন হায়দারের বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এর শুনানি হবে বলে আদালত জানিয়েছে।