২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদার অবস্থান রাষ্ট্রদ্রোহিতার শামিল’

নির্বাচন প্রতিহতের জন্য সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা দিয়ে বিরোধী দলীয় নেতা ‘রাষ্ট্রদ্রোহিতা’ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই ঘোষণা দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, কারণ তিনি সাংবিধানিক পথকে বাধাগ্রস্ত করতে চাইছেন।”

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা প্রতিহত করতে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের ডাক দিয়ে শনিবার সিলেটে জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া।

ওই জনসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আওয়ামী লীগের একক নির্বাচন প্রতিহত করার জন্য কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করতে হবে। জনগণকে নিয়ে এই কমিটি করতে হবে। আমি এখন থেকে সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিচ্ছি।”

এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, “নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সেজন্য সংগ্রাম কমিটি গঠন একেবারেই অভিনব। জনগণের ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে সংগ্রাম কমিটি করার ইতিহাস বা নজির বাংলাদেশের রাজনীতিতে নেই।”

নির্বাচন সাংবিধানিক পথেই হবে জানিয়ে ক্ষমতাসীন সরকারের এই মন্ত্রী বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেন, “মনে রাখবেন, এ অধিকার আপনাকে কেউ দেয়নি। আসলে আপনি অসাংবিধানিক ধারা আনার ষড়যন্ত্র করছেন।”

এ ধরনের হুমকি দিয়ে ‘বঙ্গবন্ধু কন্যাকে’ সাংবিধানিক পথ থেকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।

তিনি বলেন, “আমরা সাংবিধানিক পথেই ক্ষমতা হস্তান্তর করব, এটা থেকে কেউ বিরত রাখতে পারবে না।”

হুমকি না দিয়ে বিরোধীদলকে সংসদ অধিবেশনে যোগ দিয়ে অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা দেয়ার আহবান জানান এই আওয়ামী লীগ নেতা।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা মুজিব হব’ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপির ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবীর মিজি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

একক নির্বাচন ঠেকাতে সংগ্রাম কমিটি গড়ুন: খালেদা