২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপির মিছিলে পুলিশের হামলা

ট্রাইবুনালে সাকা চৌধুরীর রায়ের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার নাজিপুর উপজেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।

ঘটনায় আহত নজরুল ইসলাম খান বলেন, “সকালে নেতাকর্মীরা মিছিল করার উদ্যোগ নিলে পুলিশ অতর্কিতভাবে হামলা চালায়।”

তবে নাজিরপুর থানার ওসি আব্দুল খালেক বলেন, “শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়ার ইচ্ছা আমাদের ছিল না। কিন্তু মিছিল থেকে কে বা কারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ করে দিতে আমরা বাধ্য হই।”

মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গত মঙ্গলবার ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। একদিন পর এ রায়ে বিস্ময় প্রকাশ বৃহস্পতিবার দেশে জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা সদরে বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করার উদ্যোগ নিলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

লাঠিপেটায় জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম খানসহ ১৫ নেতাকর্মী আহত হয় বলে দাবি করে বিএনপি।