২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার রায়: প্রতিক্রিয়া জানাতে এক দিন সময় নিল বিএনপি

যুদ্ধাপরাধের দায়ে দলের শীর্ষ পর্যায়ের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানাতে এক দিন সময় নিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 10:08 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার দুপুরে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে ডাকেন।

রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠকের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বুধবার বিকালে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৪টার ওই সংবাদ সম্মেলনে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।

যুদ্ধাপরাধে দণ্ডিত সালাউদ্দিন কাদেরও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি আসনের সংসদ সদস্যও।  

রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে স্থানীয় বিএনপি বুধবার হরতাল ডেকেছে। তবে কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে ছিলেন নিশ্চুপ।

এর আগে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায় না হলেও তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে রায় হয়েছে।

ওই সব রায়ের দিন এবং রায়ে দণ্ডের পর জামায়াত সারাদেশে হরতাল ডাকে। তবে ওই সব কর্মসূচিতে বিএনপির কোনো সমর্থনও ছিল না এবং কোনো প্রতিক্রিয়াও তারা দেখায়নি।   

বহুপ্রতীক্ষিত যুদ্ধাপরাধের রায় নিয়ে নীরবতার জন্য সরকারি দলের নেতাদের সমালোচনার মুখে থাকা বিরোধীদলীয় নেতা খালেদা মঙ্গলবার দলের প্রথম কোনো নেতার বিরুদ্ধে রায়ের পরপরই জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে ডাকেন।

রাত ৯টা ২২ মিনিটে নিজের কার্যালয়ে ঢুকেই আগে থেকে অপেক্ষা করা নেতাদের সঙ্গে বৈঠকে বসে যান খালেদা জিয়া। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে রায়, তা নিয়ে অভিযোগ এবং এর খুঁটিনাটি বিষয়গুলো শোনেন তিনি।

Image
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ পথে সালাউদ্দিন কাদের চৌধুরী। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ পথে সালাউদ্দিন কাদের চৌধুরী। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সালাউদ্দিন কাদেরের পরিবার ও তার আইনজীবীরা অভিযোগ করেছেন, মঙ্গলবারের রায় আইন মন্ত্রণালয় তৈরি করেছে এবং তা একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসে এই অভিযোগ তোলা হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, জয়নাল আবেদীন প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীই প্রথম ব্যক্তি, যিনি সাংসদ থাকা অবস্থায় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডাদেশ পেলেন। মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগের মধ্যে নয়টি ঘটনায় সাকা চৌধুরীর সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে হিন্দু ও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক নিধনে অংশ নেয়া এবং নির্যাতন কেন্দ্র চালানোর অপরাধে তৎকালীন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

রায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বেলা ৩টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ইতোমধ্যে আইনজীবীরা রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দলীয় প্রতিক্রিয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দপ্তরে আসেনি। আসলে গণমাধ্যমকে জানানো হবে।”

এরপর স্থায়ী কমিটির সাতজন নেতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক। তবে তাদের সবাই প্রতিক্রিয়া জানাতে অপরাগতা প্রকাশ করেন।

বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এই রায়ে তারা মর্মাহত হয়েছেন। ট্রাইবুনালের বিচারের ক্ষেত্রে প্রচলিত আইন ও আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়নি।

ওই সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকেই উপস্থিত ছিলেন। 

সালাউদ্দিন কাদেরের রায় ঘোষণার কারণে বিএনপি কার্যালয়ের সামনে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রধান ফটকের কাছাকাছি দেখা গেছে।

পুরনো খবর:

সাকার রায়: চট্টগ্রামে হরতাল ডেকেছে বিএনপি
এবারও ‘নিশ্চুপ’ বিএনপি