প্রমাণ হলো বিএনপিতে কারা আছে: বিচ্ছু জালাল
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের মাধ্যমে বিএনপিতে শীর্ষ যুদ্ধাপরাধীদের অস্তিত্বের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধকালীন কিশোর মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালাল, যিনি বিচ্ছু জালাল নামেই পরিচিত।
মঙ্গলবার রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই রায়কে স্যালুট জানাই। এর মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপিতে শীর্ষ যুদ্ধপরাধীরা রয়েছে।”
দলটিতে থাকা মুক্তিযোদ্ধাদের ওই দল থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের সঙ্গে এক হয়ে যুদ্ধপরাধীদের আইনের হাতে তুলে দেয়ারও আহ্বান জানান বিচ্ছু জালাল।
পরে বেলা পৌনে ২টার দিকে আদালত চত্বরে সাকা চৌধুরীর কুশপুতুল পোড়ায় বিচ্ছু জালালের নেতৃত্বে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দিয়েছে ট্রাইবুনাল।
মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে হিন্দু ও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক নিধনে অংশ নেয়া এবং নির্যাতন কেন্দ্র চালানোর অপরাধে তৎকালীন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীই প্রথম ব্যক্তি, যিনি সাংসদ থাকা অবস্থায় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডাদেশ পেলেন। মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগের মধ্যে নয়টি ঘটনায় সাকা চৌধুরীর সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, “যুক্তিতর্ক করেই রায় হয়েছে। সুতরাং সাক্ষী আসল না নকল সেটা বড় না। প্রসিকিউশন গণহত্যার রায় চেয়েছে, আমরাও তাই চেয়েছি, তা পেয়েছি।”
সাকার বিষয়ে বলেন, “তিনি রাজনিতিতে যোগ দেয়ার পরে রাজনিতিতে যে অশ্লিলতা তৈরি করেছিল তার দেহ ভঙ্গীতে যা প্রকাশ পেত সেটাতেই তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়।”
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, “বেগম সুফিয়া কামালের তদন্ত কমিশনই গণহত্যাগুলোর প্রমাণ পেয়েছিল। সেটাতে আমারা যারা তখনকার মানুষ, যারা গবেষণায় জড়িত ছিলাম, তারা সবাই জানি এগুলো সত্যি।”
রায়ে সন্তোষ প্রকাশ করেন গোলাম আযমের বিরুদ্ধে করা মামলার এই সাক্ষী।
