২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই শ্রদ্ধাশীল না হলে আইন প্রয়োগ কঠিন হয়: ইসি

নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ না থাকায় দশম সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের সহযোগিতাও চেয়েছে সাংবিধানিক সংস্থাটি।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আইন যতই শক্ত করা হোক না কেন, তার প্রতি সবাই যদি শ্রদ্ধা না দেখায়, সবাই সহযোগিতা না করে, সে আইন দ্বারা কাজ করা খুব কঠিন।”

সংবিধান অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। তবে নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপি নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে।

শাহনেওয়াজ বলেন, “সবার কাছে আবেদন, নির্বাচন ছাড়া অন্য কোনোভাবেই ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার সুযোগ নেই; সেহেতু সবাই সহযোগিতা করবেন সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য।”

বর্তমান অবস্থায় সবার সমান সুযোগ থাকছে না বলে বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় ইসি নির্বাচনী বিধিমালা সংশোধনের কথা বলছে।

শাহনেওয়াজ বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বেশ কিছু দেশের আচরণবিধি পর্যালোচনা করে আচরণবিধি প্রস্তুতের কাজ চলছে। তফসিল ঘোষণার আগেই তা প্রকাশ করব আমরা।”

নির্বাচনকালীন ৯০ দিনের মধ্যে যে সরকার থাকবে তার ওপর ভিত্তি করে সব দলের সমান সুযোগ রেখে নির্বাচনের ‘সুন্দর’ পরিবেশের চেষ্টাই করা হচ্ছে বলে জানান তিনি।

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সরকারি ও বিরোধী জোটের বিপরীতমুখী অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত মতৈক্যে পৌঁছাবে বলে আশা করছে ইসি।

“নির্বাচন তখনি সুন্দর হয় যখন নির্বাচনমুখী সব দল একসঙ্গে নির্বাচনের জন্য কাজ [অংশগ্রহণ] করে। আমাদের দেশেও বিভিন্ন দলের মধ্যে মতদ্বৈততা স্বীকৃত। আমরা আশা করবো, তারা সবাই একমত হয়ে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য এগিয়ে আসবে।”

নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বির্তকের কোনো সুযোগ থাকবে না, বলেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

“ভোটার তথ্যভাণ্ডারের তথ্যই সঠিক। এর সংরক্ষিত তথ্য দিয়ে ভোটার তালিকা হয়। বিতর্কের কোনো সুযোগ থাকবে না।”