সভামঞ্চে খালেদা
তত্ত্বাবধায়কের দাবিতে গণসংযোগের অংশ হিসাবে খুলনায় জনসভা মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিকাল ৩টা ৫২ মিনিটে তিনি সার্কিট হাউজ মাঠে পৌঁছালে নেতাকর্মীরা করতালি দিয়ে বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানান।
খালেদা জিয়ার নেতার গাড়িবহর মঞ্চের কাছে নিয়ে যেতে নিরাপত্তাকর্মীদের বেগ পেতে হয়।
১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা মঞ্চে বিরোধী দলীয় নেতার পাশে বসেছেন।
এর আগে বেলা ২টার দিকে মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়।
বেলা ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা আড়াটার মধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জনসভায় ব্যাপক ভিড়ের মধ্যে মঞ্চের কাছে কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়লে তাদের মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জনসভা উপলক্ষে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদশ (ড্যাব) মাঠের পাশে সাতটি মেডিকেল ক্যাম্প খুলেছে।
জনসভায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অধ্যাপক গোলাম আজম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলওয়ার হোসাইন সাঈদী, এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লাসহ জামায়াত নেতাদের মুক্তির দাবি সম্বলিত ডিজিটাল ব্যানারও মাঠের বিভিন্ন স্থানে দেখা যায়।
খুলনার রূপসা, তেরোখাদা, দেঘুলিয়া, ডুমুরিয়াসহ আশেপাশের এলাকা এবং বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাসে-ট্রাকে করে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক এই জনসভায় অংশ নিতে আসেন।
সার্কিট হাউজ মাঠের উত্তরে জেলখানা সড়ক, দক্ষিণে খান এ সবুর সড়ক, পূর্বে সার্কিট হাউজ সড়ক ও পশ্চিমে স্টেডিয়াম সড়কসহ তিন কিলোমিটার এলাকায় দেখা যায় উপচে পড়া ভিড়।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণার আগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেশের বিভিন্ন জেলায় জনসভা করছেন। ইতোমধ্যে তিনি নরসিংদী, রংপুর ও রাজশাহীতে জনসভা করেছেন।
খুলনায় বিরোধীদলীয় নেতার এটি তৃতীয় জনসভা। এর আগে তিনি ২০১১ সালে ২৭ নভেম্বর রোড মার্চ করে সার্কিট হাউজ মাঠে এবং ২০১০ সালের ১২ এপ্রিল শিববাড়ী মোড়ে জনসভা করেন।
