‘সরকার সাংবিধানিক নৈরাজ্য সৃষ্টি করছে’
সংসদ বহাল রেখে নির্বাচন করার কথা বলে সরকার দেশে ‘সাংবিধানিক নৈরাজ্য’ সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচনের বিধান বিশ্বের কোথাও নেই। এই বিধান সংবিধানে সংযোজন করে সরকার গণতন্ত্রের ভিতকে ভেঙে দিয়েছে। তারা দেশে একটি কনস্টিটিউশনাল এনার্কি সৃষ্টি করার জন্যই এই কাজটি করেছে।”
রাজপথে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি পূরণে নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ারও আহবান জানান রফিকুল।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে সাপ্তাহিক ‘প্রাচ্যবার্তা’ উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্র অতীত, বর্তমান ও ভবিষ্যঃ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সংবিধান অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, যা নিয়ে বিরোধী দলের আপত্তি।
সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন জোরদার ছাড়া বিকল্প কোনো পথ নেই- উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “এই সরকার ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে সংবিধানে সংশোধনী এনেছে। তাদের আন্দোলনের মাধ্যমে হটাতে হবে। তাই চার দেয়ালে ঘর কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আলোচনা সভা করে সরকার পতন হবে না। সবাইকে রাস্তায় নামতে হবে।”
এয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে ১৯৯৬ সালে খালেদা জিয়া গণতন্ত্রকে রক্ষা করেছিলেন বলে দাবি করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
প্রাচ্যবার্তা সম্পাদক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বক্তব্য রাখেন।
