২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের শক্তিকে অবজ্ঞা করেছেন প্রধানমন্ত্রী: রিজভী

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, তিনি জনগণের শক্তিকে অবজ্ঞা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 11:53 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, “প্রধানমন্ত্রী গতকাল সিলেটের গোলাপগঞ্জে জনসভায় বলেছেন নির্বাচন বানচাল করার সাধ্য কারো নেই। তার এই বক্তব্য জনগণকে নতি স্বীকার করতে বাধ্য করা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা দেশনেত্রী খালেদা জিয়া জনগণের সংকল্প দ্বারা সরকারের একগুয়েমি নির্বাচন প্রতিহত করবেন। নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেই আগামী নির্বাচন হবে।”

মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেত্রীর সাধ্য নাই এ নির্বাচন বানচাল করার।

সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। এতে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এজন্য সংবিধান সংশোধনের দাবি নাকচ করে আসছে।

গত রোববার রংপুরে এক জনসভায় খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ ব্রিফিং হয়।

১৯৯৫-৯৬ সালের আন্দোলনে জনগণের দাবির মুখে সংবিধানের এয়োদশ সংশোধনীর কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, “ওই সময় জনগণের আন্দোলনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করা হয়েছিল। ওই ব্যবস্থা বাতিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারও ছিল না। অথচ তারা এই গ্রহণযোগ্য ব্যবস্থা বাতিল করে জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে।”

তিনি বলেন, “গত সাড়ে চার বছরে সরকার জনগণের ওপর অন্যায়-নির্যাতন-অবিচার চালিয়েছে। সেজন্য জনগণের কাছে আওয়ামী লীগের নৌকা অভিশপ্ত নৌকা হিসেবে চিহ্নিত হয়ে আছে।”

প্রধানমন্ত্রী বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে ‘কুৎসা’ রটনা করেছেন অভিযোগ তুলে তার প্রতিবাদ জানান বিএনপি রিজভী।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বর্তমান ইসির আচরণের কারণে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি দলের সংসদ সদস্যদের কেউ কেউ এই কমিশনের কার্যক্রমের সমালোচনা করছেন। সম্প্রতি আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনও নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন।”

বিএনপি ক্ষমতায় এলে জঙ্গিবাদ ও বোমাবাজি বাড়বে-  সরকার প্রধান ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের এই আশঙ্কাকে অপপ্রচার হিসেবে অভিহিত করেন রিজভী।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ,  জাসাস সভাপতি এম এ মালেক, নির্বাহী বেলাল আহমেদ, রফিক শিকদার, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।