২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেতাকর্মীর চাপেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’

দলীয় নেতাকর্মীদের চাপের মুখেই বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মনে করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে সাক্ষাত শেষে নিজ কক্ষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “বিএনপি এতো দিন বলে আসছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু তাদের সাম্প্রতিক বক্তৃতা-বিবৃতিতে অনুমিত হচ্ছে, তারা দাবি থেকে কিছুটা সরে এসেছে।”

অ্নতর্বর্তীকালীন সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “সময়ের বিবর্তনে নির্বাচন সন্নিকটে আসলে দলীয় নেতাকর্মীদের চাপের মুখে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।”

Image
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

নির্দলীয় সরকার পুনবর্হাল করা না হলে ‘কঠিন’ আন্দোলনে যাবেন বলে খালেদা জিয়ার ঘোষণা প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী বলেন, “তারা নানা সময়ে নানা কথা বলেছে- ঈদের পর আন্দোলন, কোরবানির পর আন্দোলন, বর্ষার পর আন্দোলন, শীতের পর আন্দোলন। এখন আমরা অপেক্ষায় আছি কখন তারা বলেন নির্বাচনের পর আন্দোলন।”

আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে কথা বলতেই ব্রিটিশ হাইকমিশনার দেখা করতে এসেছিলেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে হাইকমিশনারকে জানানো হয়েছে।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধি নিয়ে বা নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বিএনপির কোনো বক্তব্য থাকলে তা নিয়ে আলোচনা করতে সরকার সব সময় প্রস্তুত বলে জানান তিনি।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিএনপি না আসলে নির্বাচন কিভাবে হবে-এ বিষয়ে হাইকমিশনার জানতে চাইলে তাকে বলা হয়েছে, অবশ্যই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপিকে সাথে নিয়েই নির্বাচন করতে চাই।”

জনগণের অংশগ্রহণই নির্বাচনে বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য করে মন্ত্রী বলেন “আগামী নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোটার অংশগ্রহণ করলে নির্বাচন সবার কাছেই গ্রহণযোগ্য হবে।”