২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যাগরিষ্ঠতা দিয়ে গণতন্ত্র চলে না: আজিম

‘এক তরফা’ নির্বাচন হলে দেশে ‘ভয়াবহ’ ও ‘লোমহর্ষক’ পরিস্থিতি সৃ্ষ্টি হবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে আজিম এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে সমঝোতা না হলে সহিংসতা হবে। এর পরিণতিতে দেশ কোথায় যাবে? আমরা কোথায় থাকবো, আপনারা কোথায় থাকবেন? দেশে লোমহর্ষক পরিস্থিতির সৃষ্টি হবে।”

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন ‘নির্দলীয় সরকারের’ অধীনে করার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

নির্বাচন কালীন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবেন না বলেও রোববার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

পয়েন্ট অফ অর্ডারে ফজলুল আজিম বলেন, “দেশে অনেক প্রহসনের নির্বাচন হয়েছে। আরেকটি প্রহসনের নির্বাচন করবেন না। অনেকে ভারত-অস্ট্রেলিয়ার কথা বলছেন। কিন্তু হোয়ট ইজ অ্যপ্লিকেবেল হেয়ার। দেশের পরিস্থিতি বিচার করুন।”

আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, “মেজরিটি দিয়ে গণতন্ত্র চলে না। বিরোধী দলকে সংসদে আসতে বলছেন। সংসদে আসলে কি ইস্যু ডিজলভ হবে?”

“এটা জাতীয় জীবনের সঙ্কট। সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ-বিএনপির নেতাদের বলবো, সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন করুন।”

নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধান সংশোধনের দাবি তুলে আজিম বলেন, “ইজ ইট বাইবেল? আজকে যে সঙ্কট তৈরি হয়েছে সেটা দূর করতে হবে।”