২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার নির্বাচনের তারিখ বলেননি: তোফায়েল

সংসদ অধিবেশনের শুরুতে নির্বাচনের তারিখ নিয়ে স্পিকারের দেয়া বক্তব্য বিকৃত করা হচ্ছে বলে জানিয়েছেন সাংসদ তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 08:52 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

তিনি বলেছেন, স্পিকার নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেননি।

রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তোফোয়েল বলেন, “সংবিধান অনুযায়ী ২০১৪ সালের ১৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে আপনি (স্পিকার) তা বলেছিলেন। এটাই সংসদের শেষ অধিবেশন উল্লেখ করে আপনি বিরোধীদলকে কার্কর ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছিলেন।

“দুঃখের বিষয় লক্ষ্য করছি কোনো কোনো মহল এটাকে বিকৃত করে বলছে কবে নির্বাচন হবে তা আপনি বলতে পারেন না। কিন্তু সেদিন আপনি শুধু সরকারের মেয়াদ উত্তীর্ণের কথা বলেছিলেন।”

তিনি বলেন, “আপনার কথায় প্রমাণ হয় সংসদ বহাল রেখেই নির্বাচন হবে। তবে কেউ কেউ বলছেন এই পদ্ধতিতে কোথাও নির্বাচন হয় না।”

ভারতের ১৫টি নির্বাচনের মধ্যে আটটি নির্বাচন সংসদ রেখে হয়েছে তথ্য দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল জানান, ভারতের পাঁচটি নির্বাচন হয়েছে সংসদ বিলুপ্তি করে।

২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে জানিয়ে তোফায়েল বলেন, স্পিকার সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। প্রধানমন্ত্রীও নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না। নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বিকাল ৫টায় স্পিকার শিরিন শারিমিনের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

বৃহস্পতিবার সংসদের ১৯তম অধিবেশনের শুরুতে সূচনা বক্তব্যে শিরিন শারমিন বলেছিলেন, সংবিধান অনুয়ায়ী ২০১৪ সালের ২৪ জানুয়ারি মধ্যে সংসদ নির্বাচন হবে।