‘জামায়াতের তদন্ত শেষ হতে সময় লাগবে’
একাত্তরে যুদ্ধাপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত শেষ হতে আরো তিন-চার মাস লাগতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক বলেন, একটি দল হিসেবে তাদের ভূমিকা তদন্ত বেশ বড় কাজ। সে সময়কার পত্রপত্রিকার বিভিন্ন প্রতিবেদনসহ বিভিন্ন নথিপত্র থেকে সংগঠনটির উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ করতে হবে।
“এছাড়া ট্রাইব্যুনালের আগের মামলায় বিভিন্ন রায়ে জামায়াতে ইসলামী সম্পর্কে পর্যবেক্ষণ দেয়া হয়েছে। রায়ের সেসব অংশও তদন্তে আসবে।”
ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শেষ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান।
তিনি জানান, বর্তমানে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মোট ১৩টি যুদ্ধাপরাধের মামলা তদন্তাধীন রয়েছে। ১০টি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সাজার পর গত ১৮ অগাস্ট দলটির যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়া হয়।
সুবহানের আগে সম্প্রতি জামায়াতের দুই নেতা মীর কাসেম আলী, এ কে এম ইউসুফের বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠনের শুনানি চলছে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে।
এর আগে বিচার প্রক্রিয়া শেষ করে ট্রাইব্যুনালে পাঁচ জামায়াত নেতার বিরুদ্ধে রায় হয়েছে।
তারা হলেন- আব্দুল কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী, গোলাম আযম, মো. কামারুজ্জামান ও আলী আহসান মো. মুজাহিদ।
এর মধ্যে গোলাম আযম ও কাদের মোল্লা ছাড়া অন্য সবার মৃত্যুদণ্ড হয়েছে। গোলাম আযমের ৯০ বছর এবং কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিচার শেষের পথে রয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে বিভিন্ন মামলার সাক্ষীদের নিয়ে ট্রাইব্যুনালের অসন্তুষ্টির বিষয়ে প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, “সাক্ষীরাও মানুষ। তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেয়ার পরে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার মধ্যে প্রায় বেশ অনেকটা সময় ব্যবধান থাকে, এর মধ্যে সাক্ষীর মন পরিবর্তন হতে পারে।”
“তবে আইন অনুযায়ী সাক্ষী আদালতে যা বলবে সেটাই তার আসল সাক্ষ্য।”
