২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার দায় কর্মসূচি আহ্বানকারীর: বিল পাসের সুপারিশ

রাজনৈতিক সহিংসতা হলে কর্মসূচি আহ্বানকারীকে ফৌজদারি অপরাধে দণ্ডিত করার বিধান রেখে একটি বিল পাসের সুপারিশ করতে যাচ্ছে একটি সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 08:13 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিল তোলার আলোচনা হয়।

২০১০ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু ‘জনস্বার্থ বিল-২০১০’ নামের বিলটি সংসদে উত্থাপন করেন।

এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়fর জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনগণের স্বাধীনতা বিঘ্নিত হলে সেই দলের প্রধানসহ কার‌্যকরী কমিটির বিরুদ্ধে মামলার বিধান রেখে বিলটি উত্থাপন করা হয়।

বিলে ‘হরতাল’ শব্দটি কোথাও উল্লেখ না থাকলেও মূলত হরতালবিরোধী বিল হিসেবে এটি পরিচিত। বিল উত্থাপনকারী সদস্য মুজিবুল বিভিন্ন সময়ে সংসদে বিলটিকে হরতালবিরোধী বলে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদের আগামী অধিবেশনে বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন দেয়া হবে।”

তিনি আরো বলেন, “হরতালে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও হরতাল আহ্বানকারী দলের প্রধানকে ফৌজদারি কার‌্যবিধিতে বিচারের বিধান প্রস্তাব করা হয়েছে।”

প্রস্তাবিত আইনে, নাগরিকদের স্বাধীনতা নিশ্চিতে প্রত্যেক জেলায় একটি করে ‘জনস্বার্থ সংরক্ষণ আদালত’ গঠনের প্রস্তাব করা হয়। এ আদালত নাগরিকদের স্বাধীনতায় বাধা সৃষ্টির অপরাধে সর্বোচ্চ ৫ বছরের সশ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবে বলে বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, “দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন সময়ে দেওয়া কর্মসূচি পালনকালে উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং কর্মসূচি প্রদান ও পালন জনস্বার্থমুখী করার লক্ষ্যে এ বিল আনা হয়েছে।”

এছাড়া বৈঠকে উচ্চ আদালতের বিচারক নিয়োগে জুডিশিয়াল কমিশন গঠনের বিধান রেখে জুডিশিয়াল কমিশন বিল-২০১২ এর প্রতিবেদনও চূড়ান্ত করা হয়। এ বিলটিও সংসদে তোলেন মুজিবুল হক চুন্নু।

বিলের উদ্দেশ্য ও কারণে বলা হয়েছে, “সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ করে আইন প্রনয়নের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো আইন হয়নি।”

আরো বলা হয়েছে, “বিচারক নিয়োগের ক্ষেত্রে সততা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনা অগ্রাধিকার পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে একদিকে নিয়োগ পাওয়া বিচারকদের যোগ্যতা, সততা, নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও বিচারের মান নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের অগ্রযাত্রা বারবার ব্যহত হচ্ছে।”

চলতি নবম জাতীয় সংসদে এখন পর‌্যন্ত একটি বেসরকারি বিল পাস হয়েছে। আর এখন পর‌্যন্ত মোট নয়টি বেসরকারি বিল পাস হয়েছে। ২০১১ সালের ২৪ নভেম্বর আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিলের প্রস্তাব রেখে ‘দ্যা লেপারস (রিপিল) অ্যাক্ট, ২০১১’ পাশ হয়।

এর আগে ২০০২ সালে একটি বেসরকারি বিল পাশ হয়। তখন চারদলীয় জোটের সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন, ২০০২ উত্থাপন করলে তা পাশ হয়।  

মঙ্গলবার কমিটির সভাপতি আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আসম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার এবং মোঃ আব্দুল হাই অংশ নেন। এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন।