২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বিএনপি

নির্বাচনকালীন সরকার ব্যবস্থার রূপরেখা নিয়ে সরকারি দল আলোচনার প্রস্তাব দিলেও আগামী সংসদ অধিবেশনে যোগ দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চলতি নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে।

সংসদে যোগ দেয়া বা না দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদীন ফারুক বিডিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২ তারিখ আসতে তো দেরি আছে। তবে সংসদে যোগ দেয়ার ব্যাপারে এখনো  কোনো গ্রিন সিগনাল পাইনি।”

টানা ৮৩ দিন অনুপস্থিতির পর গত ৩ জুন সংসদে যোগ দেয় বিরোধী দল। ২৪ কার্যদিবসের ওই অধিবেশনে বিরোধীদল ২১ দিনই উপস্থিত ছিল।

অধিবেশনের আগে ‘কেয়ারটেকার ব্যবস্থা পুনর্বহালের’ দাবি জানিয়ে বিএনপির একজন সাংসদ মুলতবি প্রস্তাব দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়। সংসদের মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের বর্তমান ধারা অনুসরণ করে নির্বাচনের কথা বললেও প্রধান বিরোধী দল বিএনপির এতে আপত্তি রয়েছে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা।

দলের উচ্চ পর্যায় থেকে সংসদে যোগ দেয়ার ব্যাপারে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা জানতে চাইলে বিএনপির সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সংসদে যোগ দেয়ার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তের খবর পাইনি।”

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলতি নবম জাতীয় সংসদের ১৮টি অধিবেশনে মোট কার্যদিবস ছিলো ৩৯৪টি। এর মধ্যে বিরোধী দল উপস্থিত ছিলো ৭৫ দিন।